শিরোনাম :
দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রিয়াদ-দাম্মাম এর ১৫৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৭২১ যাত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু হরমুজে ট্যাংকার জাহাজে হামলা, ২৫ ক্রুকে উদ্ধার করল ওমান তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

  • ১০:২৯ এএম, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে এর চড়া মূল্য দিতে হবে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার ৩১ অক্টোবর সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া’ লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতীত থেকে শিক্ষা না নিয়ে ক্ষমতাসীন বিএনপি নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নয়, বরং জনগণের দাবি। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি পূরণ হলে বাকি ছয়টি দাবির প্রয়োজন হতো না।

বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে অভিযোগ করে তিনি যুবসমাজের উদ্দেশে বলেন, “কারও ছলনায় কান দেওয়া যাবে না। আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে।” যারা অতীতে দাসত্ব স্বীকার করেছে, তারা এখন নিজেদের পরিণতি ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা ও সিটি করপোরেশনগুলোকে বিএনপির কার্যালয়ে পরিণত করেছে এবং সেখান থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে গাদ্দারি করছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, তেল-গ্যাস সংকট এবং চাঁদাবাজি-সন্ত্রাস বেড়ে যাওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের দিকে হাঁটছে। সংবিধান সংস্কার না করে কেবল সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার মূলত একদলীয় শাসনের পথেই এগোচ্ছে। এ সময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলের কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। সমাবেশটি সঞ্চালনা করেন ডা. শফিকুল ইসলাম মাসুদ ও ডা. ফখরুদ্দিন মানিক।

লাখো মানুষের উপস্থিতিতে সকাল ৮টার দিকে লংমার্চের বহর ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহের বিভিন্ন পয়েন্টে পথসভা শেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বিশাল সমাপনী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech