গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে আরও ২৬ ফিলিস্তিনির মৃত্যু

  • ১২:১৮ পিএম, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছেন একই পরিবারের ৬ জনসহ অন্তত ২৬ জন নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশু ও এক সাবেক ক্রীড়াবিদ।  

এর আগে, গত ২৪ ঘণ্টারও কম সময়ে উপত্যকাটিতে ৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন।

বুধবার ৯ এপ্রিল আল জাজিরা ওআনাদুলো এজেন্সির প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একটানা হামলা চালাচ্ছে। সর্বশেষ এই হামলাটি ঘটে মঙ্গলবার ৮ এপ্রিল ভোর থেকে রাত পর্যন্ত সময়জুড়ে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বিমান ও ড্রোন হামলায় অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন।

গাজা শহরের উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হন। উত্তর-পশ্চিম গাজার একটি আশ্রয়কেন্দ্রের কাছে চালানো হামলায় নিহত হয় আরও চারজন বেসামরিক নাগরিক। পশ্চিম গাজার একটি হামলায় নিহত হয় এক সাবেক ফুটবল খেলোয়াড়।

দক্ষিণ-পশ্চিম গাজার তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহে থাকা কিছু নিরীহ ফিলিস্তিনির ওপর চালানো ড্রোন হামলায় আরও দুজন নিহত হন, আহত হন বেশ কয়েকজন। খান ইউনিস শহরে আলাদা দুই দফা হামলায় আরও চারজন নিহত হন, যার মধ্যে একজন আগের রাতেই প্রাণ হারান।

সবচেয়ে মর্মান্তিক হামলাটি ঘটে খান ইউনিসের পশ্চিমে, আল-মাওয়াসি এলাকায়। এখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর ইসরাইলি বিমান হামলায় নিহত তিনজন শিশুসহ ছয়জন। আহত হয় আরও ১২ জন। দক্ষিণ গাজার ইউনিভার্সিটি কলেজের কাছে চালানো গোলাবর্ষণে একজন নিহত ও অনেকেই আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে ব্যাপকভাবে বোমা হামলা চালাচ্ছে। একইসঙ্গে দেইর এল-বালাহ এবং খান ইউনিসেও হামলা অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে। এর মাঝে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, তা বেশি দিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ সেই চুক্তি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে।

গাজায় ইসরায়েলের ২০২৩ সালের হামলার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশিই বেসামরিক নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

তথ্যসূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech