।।বিকে রিপোর্ট।।
ছয় দফা দাবি আদায়ে আজ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
রবিবার ২০ এপ্রিল সারা দেশে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
গতকাল শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।
তারা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মেনে নিন, তা হলে আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন। আমরা আলোচনায় বসতে আগ্রহী।
অন্য আরেক আন্দোলনকারী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক।
গতকাল শনিবার অনুষ্ঠিত পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়ে নতুন কর্মসূচি হিসেবে আজকের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার বিচার চাই। দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার ১৮ এপ্রিল ছয় দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে ঢাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে মশাল মিছিল এবং বুধবার সকাল থেকে সাত রাস্তা, মোহাম্মদপুর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেও সন্তুষ্ট না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের কর্মসূচি চলবে।
কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে– অবৈধ নিয়োগ বাতিল, ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।