।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ অন্তবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার ১৮ জুন ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অবিচল সমর্থন’ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৈঠকের বাইরে ড. খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে শুল্ক সংক্রান্ত একটি চুক্তি নিয়ে গঠনমূলক অগ্রগতি হয়েছে বলে জানানো হয়।