।।বিকে রিপোর্ট।।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ তিনটি দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’, ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে।
বুধবার ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি পরিপত্র জারি করে দিবসগুলো পালনের ঘোষণা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও বলা হয়, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রতি বছর এ তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।