।।বিকে রিপোর্ট।।
রমজানের আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার ৫ আগস্ট রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ দেওয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা নির্বাচন করতে প্রস্তুত। ভোটের দিন থেকে ৫০ থেকে ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সে হিসাবে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবেন বলে জানান।
গতকাল ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসি রহমানেল মাছউদ বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে ইসি প্রস্তুত। ভোটের দিনের ৫০-৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সে হিসেবে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে।