।।বিকে রিপোর্ট।।
জাতীয় পার্টির (জাপা) নতুন অংশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব নির্বাচিত হয়েছেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। এছাড়া সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন।
শনিবার ৯ আগস্ট রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত জাপার ১০তম জাতীয় কাউন্সিলে সারাদেশ থেকে আসা প্রায় ২ হাজার কাউন্সিলরের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে, ৩ সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মোস্তফা আল মাহমুদ ও মো. আরিফুর রহমান খান।
এ নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
প্রথম অধিবেশনের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। স্বাগত বক্তব্য দেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন মুজিবুল হক চুন্ন।
এর আগে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু।
তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।
উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, খান ইসরাফিল খোকনসহ দলটির অধিকাংশ সিনিয়র নেতা ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।