।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আগামী সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ।
বৃহস্পতিবার ২৮ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।
চীন জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। এটিই হবে আন্তর্জাতিক পর্যায়ে কিমের প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনমূলক উপস্থিতি।
চীন-জাপান যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে এই “বিজয় দিবস” কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে চীন তার সর্বাধুনিক সামরিক শক্তি প্রদর্শন করবে, যেখানে থাকবে শত শত যুদ্ধবিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন সিস্টেম। এটিই হবে চীনা সেনাবাহিনীর নতুন কাঠামোকে প্রথমবারের মতো বড় পরিসরে প্রদর্শনের সুযোগ। প্রায় ৭০ মিনিটব্যাপী কুচকাওয়াজে তিয়ানআনমেন স্কয়ার দিয়ে মার্চ করবেন কয়েক হাজার সেনা সদস্য ও যুদ্ধের প্রবীণরা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো অনুষ্ঠান তদারকি করবেন। পশ্চিমা বিশ্লেষকরা এই আয়োজনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
চীন জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। ২০১৫ সালে অনুষ্ঠিত চীনের শেষ বিজয় দিবস কুচকাওয়াজে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না, সেখানে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন চোয়ে রিয়ং-হে।
এবার কিম, পুতিন ও শির একসঙ্গে উপস্থিতি হবে কূটনৈতিক দিক থেকে বড় তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শি জিনপিংয়ের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে।