।।বিকে রিপোর্ট।।
আজ বিশ্ব ডাক দিবস। এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’।
বৃহস্পতিবার ৯ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য— ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’।
এ প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাকসেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক বিভাগের কর্মকর্তা–কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমের প্রতিনিধি।
দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ৮টায় ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যা আগারগাঁও ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার। সেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।
কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার ১০ অক্টোবর সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রসংগত, ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্ন শহরে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ‘ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন’ গঠিত হয়। পরে এ সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাব পাসের মাধ্যমে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়।