।।বিকে রিপোর্ট।।
বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই রাত ৩টার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় শহীদ মিনারের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী শহরের মালিনী রোড এলাকায় বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। রাত ১টার দিকে শুরু হওয়া খেলা দেখতে দীপ্ত চৌধুরী বাসা থেকে বের হন। পরে তিনি বন্ধুদের সঙ্গে বাইরে বড় পর্দায় খেলা উপভোগ করেন।
রাত ৩টার দিকে শহরে আনন্দ মিছিল বের হলে দীপ্ত ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে উঠেন। সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, রাত প্রায় সাড়ে ৩টার দিকে কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় এক রোগী নিয়ে আসে। এ সময় রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে মৃত পাই। আমরা প্রাথমিকভাবে জানতে পারি, বিদ্যুৎস্পর্শ হয়ে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মারা যাওয়া কলেজ শিক্ষার্থীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।