।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামোন বিমানবন্দরে আঘাত হেনেছে ড্রোন। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা এ ড্রোন হামলা চালিয়েছে। শক্তিশালী বিস্ফোরক বোঝাই ড্রোনে কেঁপে ওঠে বিমানবন্দরটি। এর পরপরই নিজেদের আকাশসীমা বন্ধ ও উড়োজাহাজ চলাচল স্থগিত করে দেয় দখলদার দেশটি।
রবিবার ৭ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর কিছুক্ষণ পরই রামোন বিমানবন্দরে আছড়ে পড়ে এ ড্রোন।
গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে হুথি সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ১২ সদস্যকে হত্যা করে ইসরায়েল। হুতিরা ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। এর মধ্যেই এই হামলার খবর এলো।
ইলাতের রামোন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী শহর এলাতের কাছে রামন বিমানবন্দরের আঘাত হানে। এ ঘটনার পরেই বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
সাধারণত ইসরায়েলি আকাশসীমায় ড্রোন বা মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে আজকের রোববারের (৭ সেপ্টেম্বর) হামলার সময় কোনো সাইরেন বাজেনি। কেন বাজেনি তা এখন তদন্ত করছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ড্রোনটি কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিলো সেটিও খুঁজে বের করা হবে বলে জানিয়েছে দখলদার বাহিনী। আইডিএফ জানিয়েছে, ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে, হুথিদের ড্রোন হামলায় দুজন ইসরায়েলি সামান্য আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটিতে অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম। তাদের মধ্যে একজনের গায়ে ড্রোনের ধ্বংসাবশেষ এসে লাগে ও অন্যজন ভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।