।।বিকে ডেস্ক।।
এবার কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রবিবার ৪ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তার ওপর হামলা হয়। এ সময় সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন। এতে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে উনি কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন মাজারে এসেছিলেন। তিনি এখানে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশন গান শোনেন। বাইরে বের হয়ে মূল গেটের সামনে পৌঁছালে হঠাৎ করেই কিছু লোকজন তার ওপরে হামলা করে ও ধাওয়া দেয়। পরে তাকে নিয়ে লালন মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রাত ৮টায় পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘রবিবার সন্ধ্যায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে এসেছিলেন বলে শুনেছি। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু একটা ঘটেছে বলে এইমাত্র খবর পেয়েছি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা।
তিনি আরও লেখেন, ‘বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না।হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’