।।বিকে রিপোর্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় জান্নাতুল ফেরদৌস (২৯) নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বপালন করছিলেন।
জানা গেছে, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিসাধীন তার মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষিকাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহ নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত এবং পোলিং এজেন্ট না থাকায় সব হলের ভোট গণনার কাজ শেষ করা সম্ভব হয়নি। আজকে সকালে প্রীতিলতা হলের ভোট গণনা করা হবে। তাই অন্যান্য সহকর্মীদের সঙ্গে সেও বিশ্ববিদ্যালয়ে আসে। কিন্তু সিনেট হলের দরজায় এসে সে পড়ে যায়। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।