।।বিকে রিপোর্ট।।
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার ৭ আগস্ট নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্ট (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি আরপিও সংশোধনের ফলে, যা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি।
তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ আছে। কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা।
নির্বাচন প্রক্রিয়াকে এআই ও ড্রোন প্রভাবিত করতে পারবে না উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এআইয়ের অপব্যবহার রোধ করতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধুমাত্র প্রার্থী ও দলের জন্য প্রযোজ্য হলেও, অন্যান্য পক্ষকেও মোকাবিলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।