।।বিকে রিপোর্ট।।
আষাঢ়ের টানা বর্ষনে অচল রাজধানী। গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সকাল ১১টা পর্যন্ত অঝোরে বৃষ্টি ঝরেছে।
আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। রাজধানীর বিভিন্ন স্কুলে চলা অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি দেখা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবারের সকাল থেকেই রাজধানীতে ব্যাপক বৃষ্টিতে অফিসগামী যাত্রীরা পড়েন চরম বেকায়দায়। কাজীপাড়া, শেওড়াপাড়ার প্রধান সড়ক থৈ থৈ পানিতে ডুবে আছে। মেট্রোতে আসা যাওয়া যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সুযোগ বুঝে রিক্সাগুলো ডাবলেরও বেশি দাম হাকছে।
বৃষ্টিতে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আজকের পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। পরে কর্তৃপক্ষ শেওড়াপাড়া শাখা–৩–এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
সংবাদকর্মী পার্থ শঙ্কর সাহা বলেন, রাস্তায় পানি জমে থাকায় মণিপুরী পাড়া থেকে আসাদগেট হয়ে কারওয়ান বাজারে তিনি ৪০০ টাকা ভাড়া দিয়ে এসেছেন। মণিপুরী পাড়ার ভেতরের গলিতেও পানি জমে গেছে বলে তিনি জানান। সাধারণত এসব রাস্তায় পানি জমে না।
যেখানে সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে যাচ্ছে সেখানে টানাবৃষ্টিতে এই পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ছোটখাটো গলির মুখেও অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে। রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউয়ের আড়ংয়ের মোড়, কারওয়ানবাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ নানা স্থানে সড়কে পানি জমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আর সর্বশেষ ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিস জানায়, আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
মো. তরিকুল নেওয়াজ কবীর বলেন, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার।
সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ুর বেশ সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গতকাল এই দুই বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।