।।বিকে রিপোর্ট।।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
রবিবার ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে তথ্য অধিদফতরে সরকারের সচিব পদমর্যাদায় প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ১৯৯২-৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (সরকারের উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন।
সৈয়দ আবদাল আহমদ দেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয়।
তিনি দুইবার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৮৯ সালে তিনি ফিলিপস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।
১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে রয়েছে আমার দেশ, বাসস, জনকণ্ঠ, দিনকাল ও সাপ্তাহিক বিচিত্রা। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক এবং শিশু-কিশোর পত্রিকা ‘টুনটুনি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।