।।বিকে ডেস্ক।।
এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ এই জামায়াতে ইসলাম আমাদের স্বাধীনতা বিরোধী ছিলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না- বলেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ২০ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটের আগে তারা খুব ঢাকঢোল পেটালো ক্ষমতায় এসে গেছে। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ এই জামায়াতে ইসলাম আমাদের স্বাধীনতা বিরোধী ছিলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো।
তিনি আরও বলেন, যারা বলেন বিএনপি সংস্কার করতে চায় না তারা মিথ্যা বলেন। সংস্কার আমরাই শুরু করেছিলাম। আমাদের নেত্রী বেগম জিয়া ২০১৬ সালে প্রথম ভিশন টুয়েন্টি থার্টি দিয়েছিলেন সংস্কারে। আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। সংস্কারের জন্য ৩১ দফা আমরাই দিয়েছি। এগুলো আমাদেরই করা।
সুতরাং যখন আপনারা মানুষকে বলেন বিএনপি সংস্কার করবে না আপনারা মিথ্যা বলেন। আমরা পরিষ্কার করে বলছি, আপনারা মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদের ক্ষমা করবে না।
এলজিআরডি মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন; তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখে বলেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। নির্বাচনের তিন মাসের মধ্যে সে প্ল্যান মতো কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ সকল উন্নয়নমূলক কাজ শুরু করে দিয়েছেন৷ বাংলাদেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন।
বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা বলেন, আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের নিয়ত ভালো আছে। আমরা কাজ করতে চাই। আপনাদের চাওয়াগুলোকে প্রাধান্য দিতে চাই। যার কারণে আমরা এখানে এসেছি। আমাদের নেতা ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার যেহেতু কথা বলেছেন সেখানে আর প্রশ্নই আসে না। দ্রুত বিমান বন্দরের কাজ শুরু হবে।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী প্রমুখ।