নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

।।বিকে রিপোর্ট।।
অতীতের প্রহসন বা তামাশার নির্বাচন থেকে বেরিয়ে এসে নতুন একটি মানদণ্ড তৈরির সময় এসেছে। আগামী নির্বাচন সবার জন্য একটি ঐতিহাসিক দায়িত্ব উল্লেখ করে এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন কোনও সাধারণ নির্বাচন নয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নির্বাচন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আসন্ন নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবো।

তিনি আরও বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে— যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। গণভোটের মধ্য দিয়ে আমরা যে নতুন ভিত্তি পাবো, সেটা শতবর্ষ ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, সামনের নির্বাচনে বিদেশ থেকে অনেক প্রতিনিধিদল, নির্বাচন পর্যবেক্ষক আসবেন। তারা যেন এই নির্বাচনকে একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ সুপারদের কাজ করে যেতে হবে।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনকে কেউ বলেছে প্রহসনের, কেউ প্রতারণা আর তামাশার নির্বাচন। সেখান থেকে অনেক উপরে উঠে এবার একটি নতুন মানদণ্ড স্থাপন করতে হবে। সেই পরিবর্তন আনাই পুলিশের বড় দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের সৃজনশীলতা, উদ্যোগ এবং দায়িত্ব পালনে সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সব নির্দেশনা কাগজে লেখা যায় না; দায়িত্ব পালনের সময় কীভাবে আরও ভালো করা যায়, তা কর্মকর্তাদের চিন্তা করতে হবে। কাজের মান উন্নত করতে জেলা বা বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের ব্যবস্থার প্রস্তাবও দেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech