Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মার্কিন বিমানকে নিজ আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি দেয়নি’ সৌদি আরব ও কুয়েত বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের মায়ের দাফন সম্পন্ন বালাকোট ছিল মুসলমানদের অতীত গৌরব – মাওলানা এটিএম মা’ছুম নির্বাচন-পরবর্তী সহিংসতায় শুভেন্দুর সহকারী সহ নিহত ৫: একদিনের রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গ!

নির্বাচনের সময় মাঠে থাকবে এক লাখ সেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ০৯:২৭ পিএম, বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় সেনাবাহিনীর এক লাখ সদস্য কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের লোকজন থাকবেন। নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর। জনগণই আসল শক্তি। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আটকাতে পারবে না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়ে গেলে নির্বাচন হতে সুবিধা। এরপর নির্বাচনী কর্মকর্তা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু-সুন্দর নির্বাচন হবে।

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। ইতোমধ্যে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হয়ে যাবে।

চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট।

সারা দেশে ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। তারা সহজে জামিন না পায়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য ঘটনা প্রচার করেন, তবে গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে। অতীতে পাশের দেশ থেকে অনেক উল্টাপাল্টা খবর আসত। কিন্তু আপনারা কাউন্টার দেওয়ায় তা অনেক কমেছে। তবু তারা আবার চেষ্টা করতে পারে। আমি আপনাদের অনুরোধ করব, এবারও আপনারা সত্য তথ্য জনগণের কাছে পৌঁছে দেবেন।

আমি ডিসি ও এসপি সবাইকে বলেছি, সত্য তথ্য যেন গণমাধ্যমে যায়। সত্য ঘটনা প্রকাশ না হলে গুজব তৈরি হতে পারে।

শান্তিপূর্ণ দুর্গাপূজার আশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আমরা আশা করছি। কোনো জায়গায় বড় ধরনের কোনো সমস্যা নেই। দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এ জন্য এর পবিত্রতা রক্ষা করা জরুরি। আমি অন্যান্য ধর্মের মানুষদেরও অনুরোধ করছি, তারা যেন সহযোগিতা করেন, যাতে পূজার আয়োজন শান্তিপূর্ণভাবে হয় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা পায়।

রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো। যত তাড়াতাড়ি তাদের ফেরত পাঠানো যাবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।

সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech