।।বিকে রিপোর্ট।।
নওগাঁ সাপাহার সীমান্ত এলাকায় নারী পুরুষ এবং শিশুসহ ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরেয়ে নিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ২৫ জুন সকালে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা যাবৎ এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
পরে বুধবার ২৪ জুন রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে ফিরিয়ে নেয়।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় ও বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিল। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।
ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।