।।বিকে রিপোর্ট।।
টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন শহর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সাজেকে আটকে পড়েছে কয়েকশ পর্যটক।
মঙ্গলবার ৫ আগস্ট পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কের কিছু কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিতভাবে ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের আপাতত সড়কে পানি না সরা পর্যন্ত অবস্থান করতে হচ্ছে সাজেকেই।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, গতকাল মঙ্গলবার মাচালং বাজারের পাশে সড়কের ওপর প্রায় ৫ থেকে ৬ ফুট পানি ছিল। বর্তমানে কমে এসেছে।
তবে এ অবস্থায় কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব নয়। এছাড়াও আজ (বুধবার) নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, গতকাল মাচালং বাজার এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে। আজ নতুন করে বাঘাইহাট অংশও তলিয়ে গেছে। তবে আজ সকাল থেকে আবহাওয়া ভালো রয়েছে, বৃষ্টি না হলে কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।
আটকে পড়া অনেক পর্যটক বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য সাজেক হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।