শিরোনাম :
ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর’ চালু করল এডিবি ও সরকার বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫ গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কোথায়? ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫

  • ০৮:৫৭ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার হলের বাইরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বর্তমানে কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্যমতে, মেফেয়ার হলে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে আগে থেকেই অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল ছুড়তে থাকেন। অনুষ্ঠান শেষে অতিথিরা যখন বের হচ্ছিলেন, তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং তা প্রায় ২০ মিনিট ধরে চলা ব্যাপক হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অভিযোগ করেন, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে ব্যর্থ হয়েই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বের হওয়ার পথে এই অতর্কিত হামলা চালিয়েছে।

এ ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের অপচেষ্টা করছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ সমর্থকদের এমন বাধা দেওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এর আগে শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়া লন্ডনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও এমন উত্তেজনা দেখা দিয়েছিল। বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech