Breaking News:


শিরোনাম :

সংসদে সংরক্ষিত নারী আসন : দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন

  • ১১:০৯ এএম, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে দ্বিতীয় দিনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

শনিবার ১১ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে মোট ৭৩ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এই প্রার্থীরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশী। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫২ জন নারী। এ নিয়ে গত দুই দিনে সংরক্ষিত আসনের জন্য মোট ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

আজ মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন; খাদিজা আনোয়ার, শুভ্রা পান্তা, সাকিলা ফারজানা, নিপুন রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, শাহিন সুলতানা বিউটি, মির্জা কামরুন নাহার, উম্মে সালমা নীলা, মোসা: নার্গিস পারভীন (মুক্তি), মাহাবুবা রহমান, সৈয়দা সাবরিনা সিদ্দিক, রেজিনা ইয়াসমিন লিপি, মনোয়ারা বেগম মনি এবং শারমিন মাহমুদ হৃদি প্রমুখ।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে।প্রথম দিনেই মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৫৪৪টি। শুক্রবার রাতে এ তথ্য জানান দলের সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং।

এদিন বেলা ১১টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী দলীয় ফরম বিক্রির কার্যক্রম শুরু করেন। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। ১২ এপ্রিল পর্যন্ত ফরম উঠানো এবং জমা দেয়া যাবে। জমা দেবার সময়ে প্রার্থীদের ৫০ হাজার টাকা জমানত জমা দিতে হবে।।

প্রসংগত, গত বুধবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে।

উল্লেখ্য, বিএনপি এবার সংরক্ষিত আসনের মনোনয়নে বিগত আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech