।।বিকে ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
সফরকালে আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজ সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, ২০৩০ সালে কাতারের ‘জাতীয় ভিশন’ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন আছে। কাতার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী। সেই বিষয়ে জয়েন্ট কমিটির বৈঠকে আলোচনা হবে। এছাড়া ভিসা ইস্যু, অবৈধ হয়ে পড়া কর্মীদের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।