।।বিকে রিপোর্ট।।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার ২২ জুন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
নির্দেশনায় এনসিপির সকল স্তরের নেতা-কর্মীকে আগামীকাল বিকেল পাঁচটায় নিজ নিজ জেলা ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী শাসনামলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ের অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্দিহান। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন সংবাদমাধ্যমকে জানান, গুম ও গণহত্যার বিচার যেভাবে এগোচ্ছে, তাতে যথাযথ বিচার হওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই তারা এই বিক্ষোভের ডাক দিয়েছেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মূল দলের পাশাপাশি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আগামীকালকের এই বিক্ষোভ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মূলত আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক সক্রিয়তা মোকাবিলা এবং বিগত সময়ের অপরাধগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।