।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার ১৩ জুলাই আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদদপ্তর।
উল্লেখ্য, অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত একদিনে ঢাকায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে শুধু গতকাল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ।
টানা বৃষ্টির কারণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বৃষ্টির ফলে রাস্তাঘাট ডুবে যাওয়ায় পথচারীদের অবর্ণনীয় দুর্দশা পোহাতে হচ্ছে। গতকাল কিছু এলাকার পানি নেমে গেলেওত রাতভর হালকা বৃষ্টিতে জলাবদ্ধা বেশিরভাগ অংশেই রয়েগেছে।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।