।।বিকে রিপোর্ট।।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই পেছনের চাকা খুলে পড়া কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।
শুক্রবার ১৬ মে দুপুরে ২ টা ২০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত রয়েছেন। যাত্রীরা সবাই নিরাপদে ফ্লাইট থেকে নেমেছেন।
ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি-৪৩৬, যাতে ৭১ জন যাত্রী ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যার পরিলক্ষিত হলে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এর আগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১ টা ২০ মিনিটে বিমানের বিজি ৪৩৬ ফ্লাইট শিশুসহ ৭১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করে। উড্ডয়নের পরে পাইলট বুঝতে পারেন বিমানের চাকা খুলে গেছে। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।
ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়।