।।বিকে রিপোর্ট।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার ২১ জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে মঙ্গলবার ২২ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
তবে, সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যথাসময়ে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার পর রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমান ও ভবনটিতে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত হয়ে বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।
ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করছি।