Breaking News:


উত্তরায় বিমান দুর্ঘটনা : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

  • ১০:৪৫ এএম, মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

মঙ্গলবার ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

সোমবার ২১ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যালয়ে পতিত হওয়ার ফলে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষ্যে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া, নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার কিছুক্ষণ পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেয়। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech