।।বিকে রিপোর্ট।।
দেশের এই ক্রান্তিলগ্নে দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপতথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার ২২ জুলাই কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের জানাজা শেষে ব্রিফিং-এ বিমান বাহিনীর প্রধান এ সব কথা বলেন।
মিডিয়া ও সচেতন নাগরিক সমাজকে এ ধরণের জাতীয় বিপর্যয়ের মুহূর্তে গুজব বা অপতথ্যের প্রচারের বিরুদ্ধে সচেতন থেকে জনগনকে সঠিক তথ্য প্রদান এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সহায়তার জন্য বিশেষভাবে আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। এই তদন্ত সম্পূর্ণ স্বচ্ছতা ও গুরুত্বের সাথে পরিচালিত হবে।
বিভিন্ন হাসপাতালের নিহত ও আহত চিকিৎসাধীনদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান আইএসপিআর-এর মাধ্যমে প্রতি মুহূর্তে তুলে ধরা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, যুদ্ধবিমান বিধ্বস্তের খবরে তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পূর্বনির্ধারিত সরকারি সফরে গত ২১ জুলাই তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পর যুদ্ধবিমান এফটি-সেভেন বিজিআই বিধ্বস্ত হওয়ার খবর পেয়েই সফর বাতিল করেন বিমান বাহিনী প্রধান। তুরস্কের বিমানবন্দর থেকেই ফিরতি যাত্রায় ২২ জুলাই দেশে ফিরেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় পৌঁছেই তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি বলেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্থদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রধান উপদেষ্টার দিকনিদের্শনা অনুসারে যা যা করণীয় বিমান বাহিনী অন্যান্য বাহিনী ও সংস্থার সাথে প্রয়োজনীয় সমন্বয় করে সবকিছ করা হবে।
বিমান বাহিনী প্রধান মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে মূল্যবান প্রাণ হারিয়েছি, তা কখনো পূরণ হবার নয়। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।