।।বিকে রিপোর্ট।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে লেখা বহুল আলোচিত বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার ১৭ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বহুল আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। শেখ মুজিবুর রহমানের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর বইটি প্রকাশ করা হয় বলে দাবি করেছিলেন শেখ হাসিনা।
তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।
অভিযোগ রয়েছে, ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেন তারা পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
এই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এ বিষয়ে হুঁশিয়ারি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুদক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সত্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।