।।বিকে ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা যায়, এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি এলাকার সীমান্তের মেইন পিলার ৭৬-এর নিকট শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরেন্দার সিং উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। যাদের হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে ৯ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা জেলার মারিয়ালা থানার বিলবকছড়া গ্রামের মৃত মতিলাল বাসারের মেয়ে আবিদা সরকার (৫৪), খুলনা জেলার রূপসা থানার নেহালপুর গ্রামের মো. সাইদুল ইসলাম (৪৪), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের মো. কামাল হোসেন ওরফে কমল (৩৩), যশোর জেলার কোতয়ালী থানার ফরিদপুর গ্রামের মো. কাওছার শেখ ওরফে রাজিম (২৪), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার আন্দুলপোতা গ্রামের ঠাকুর পদ মিস্ত্রি (৩৫), বগুড়া জেলার নন্দিগ্রাম থানার দেওটা গ্রামের মো. আব্দুস সালাম (২০), সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার মথুরেশপুর ডাকঘরের দেওয়া গ্রামের মো. আব্দুল কাদের (২৭), মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদী গ্রামের মো. কবির মোল্লা (৩৮), খুলনা জেলার বটিয়াঘাটা থানার হোগলবুনিয়া গ্রামের সুইটি বালা (৩৫), সুইটি বালা তার অপ্রাপ্তবয়স্ক শিশু কন্যাসহ ভারতে প্রবেশ করেছিলেন। নরসিংদী জেলার সদর থানার বাদারপুর গ্রামের সাহাদাত হোসেন (২৬) এবং নরসিংদী জেলার সদর থানার বদুয়ারচর গ্রামের শরিফ মিয়া (৩২)।
লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিএসএফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়ার পর, আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে সীমান্তের নানা পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।সংকলিত।