।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়োগ দেয়া হয়েছে। তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
দায়িত্বে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগকৃত প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারীকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত প্রায় সাত মাসে কয়েক দফায় উপদেষ্টা পরিষদে রদবদল ও নতুন নিয়োগ হয়েছে।
প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা ২৩ জন। তাঁদের মধ্যে আজ বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এত দিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দপ্তর পুনর্বণ্টনের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।