।।বিকে রিপোর্ট।।
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেওয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার, ১৩ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে।
এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে- বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। সব কিছু সঠিকভাবে হলে এ বৈঠক রাজনীতির জন্য ইতিবাচক ও টার্নিং পয়েন্ট হতে পারে।
জাতীয় ও আন্তর্জাতিকভাবেও এই ইভেন্টের গুরুত্ব অনেক বেশি। তাদের সাক্ষাতের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, এ বৈঠকের মাধ্যমে রাজনীতির নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। অর্থাৎ অনেক কিছুর সম্ভাবনা তৈরি হতে পারে। এখন এটা নির্ভর করবে আমাদের নেতারা সেটাকে কীভাবে নেবেন। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার। এই সাক্ষাৎকারে তার সাফল্য প্রার্থনা করছি।
বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও আগামী নির্বাচনের তারিখ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা এর মাধ্যমে সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
তিনি যোগ করেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে যেন গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য জাতীয় ঐক্য দরকার।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে। আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি। তাদের যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তবে, তারা প্রত্যেকে নিজ-নিজ সেক্টরে যথেষ্ট অভিজ্ঞ।
সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ বিষয়ে আমরা এখনো ভাবছি না, সিদ্ধান্ত নিইনি। তবে এপ্রিল নির্বাচনের বিষয়টি সরকার বিবেচনা করবে। কারণ এপ্রিল যৌক্তক সময় নয়।
তিনি আরও বলেন, আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই’– এমন কথা একটি প্রোপাগান্ডা, এটির কোনো ভিত্তি নেই। বিএনপি এমন একটি দল, যার কোনো কিছু করে শেষ করা যায় না, যাবে না।