দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

  • ১২:৩০ পিএম, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ৭৬ বছর বয়সে মারা গেছেন।

মঙ্গলবার ১৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

গণমাধ্যমকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তৌফীক নাওয়াজকে হাসপাতালে নেওয়া হয়।

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফীক নাওয়াজ। হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে স্ত্রীর সঙ্গে দেখা করাতে নিয়ে আসেন স্বজনরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ। তিনি ধ্রুপদী সংগীতেরও চর্চা করতেন।

জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি।

তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা তুলে ধরে গত ২৭ মে দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর করা ওই আবেদনে সাড়া মেলেনি।

এবার তার মৃত্যুর পর আবার দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech