।।বিকে রিপোর্ট।।
দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা
রবিবার ২ আগস্ট বেলা ১১টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন তাঁরা।
পদায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত তাঁরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তাঁরা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকেরা। সেখানে দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে শিক্ষকদের। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা।
এদিকে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা পদায়নের নির্দিষ্ট তারিখ চান, তা না হলে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী নির্বাচিত হন। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়। প্রার্থীদের ভাষ্য, নিয়ম অনুযায়ী এরপরই যোগদানের কথা থাকলেও ছয় মাস ধরে নিয়োগপ্রক্রিয়ায় আর কোনো অগ্রগতি হয়নি।