Breaking News:


৮ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

  • ১০:১৬ এএম, রবিবার, ২৯ জুন, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে দুপুর ১টার আগেই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ২৯ জুন দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় আরও জানানো হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে, সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় মৌসুমি চাপ রয়েছে, যার প্রভাবেই উপকূলীয় ও আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাতের ধারা শুধু আজ নয়, সারা সপ্তাহ জুড়েই থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে রোদ-বৃষ্টির দোলাচল চলতে পারে, এবং কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech