।।বিকে ডেস্ক।।
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রবিবার ৯ আগস্ট স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।
তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। অগ্নিকাণ্ডে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে।
প্রবাসীকল্যান মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা- মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা- মৃত বজলুর প্রামানিক; মো. মোহন ও মো. সুমন পিতা-গুফফার প্রামানিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল পিতা- মজনু রয়েছেন। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন,
বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন; খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ দূতাবাস, রিয়াদ গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের নাম-পরিচয় শনাক্তে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন। সূত্র-বাসস