।।বিকে রিপোর্ট।।
ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার ২৪ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে’কে এ তথ্য জানান।
বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
এরপর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
এর আগে বিকেলে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইসহাক দার। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান।
এর আগে শনিবার ২৩ আগস্ট তিন দিনের সরকারি সফরে দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। এদিন শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এটি ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশে সফর।