শিরোনাম :
টেস্ট সিরিজের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিল বাংলাদেশ তীব্র বিদ্যুৎ বিভ্রাট: মধ্যরাতে লোডশেডিং এর কবলে রাজধানী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র চাল, তেল, সার ও এলএনজি ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন জ্বালানী সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস: লোডশেডিংয়ের কবলে দেশ শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, আলোকিত বিলবোর্ড ৭টায় ঢাকায় বৃষ্টি বাড়তে পারে, তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডলার ছাড়াল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হচ্ছে আজ বৃহস্পতিবার

চাল, তেল, সার ও এলএনজি ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

  • ১০:৪০ এএম, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষি ও জ্বালানি খাতের চাহিদা পূরণে চাল, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, সার ও এলএনজিসহ ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার ১২ আগস্ট অনুষ্ঠিত ৩৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় বিবিধ বিষয়সহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে আলোচনা শেষে ১২টি প্রস্তাব অনুমোদন এবং দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়।

সভা শেষে জানা যায়, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহয়া এনার্জি থেকে ১৫৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিক টন চিনি এবং ২৮২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় প্রতিষ্ঠান নাবিল নব ফুডস লিমিটেড থেকে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পাম অলিন কেনার একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সার আমদানির কয়েকটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরবের সাবিক থেকে ২০৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস-এর সঙ্গে জিটুজি চুক্তির অধীনে ৪৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ২৫১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানার কারিগরি সহায়তাসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো, ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এবং হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ থেকে মোট ১১৭ কার্গো এলএনজি আমদানির একটি বড় প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘এসএসপিরিট’ প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ট্যাব কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন চট্টগ্রাম কাস্টমস হাউসের মড্যুলার ডাটা সেন্টার ও আইটি অবকাঠামো স্থানান্তরের জন্য স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম-এর অনুকূলে ২ কোটি ২৩ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কুমিল্লা সড়ক জোনের একটি প্যাকেজের পুনঃদরপত্রের (রি-টেন্ডার) প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech